তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা, মাদকাসক্তি এবং কিশোর গ্যাংয়ের ভয়াবহ ঝুঁকি কমিয়ে তাদের ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে দেশব্যাপী বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এর অংশ হিসেবে ইউনিয়ন পর্যায় থেকে ১০ থেকে ১৪ বছর বয়সি শিশু-কিশোরদের নিয়ে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস, সাঁতার, দাবা এবং মার্শাল আর্ট—এই ১০টি নির্ধারিত ইভেন্টে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা আয়োজনের সার্বিক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদে সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর এক প্রশ্নের লিখিত জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ তথ্য জানান।
এর আগে সংসদ সদস্য তাঁর প্রশ্নে উল্লেখ করেন, বর্তমান বাস্তবতায় তরুণ সমাজের মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুরক্ষায় তৃণমূল পর্যায়ে ক্রীড়া অবকাঠামো জোরদার করা অপরিহার্য। শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও স্থানীয় ক্রীড়া সংগঠনগুলোর সমন্বয়ে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে উন্মুক্ত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণের প্রসারে সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানতে চান তিনি।
প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, তরুণ সমাজকে বিপথগামিতা, মাদক ও অপরাধমূলক কিশোর গ্যাং কালচার থেকে নিরাপদ রাখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং বিভিন্ন জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলোর যৌথ উদ্যোগে একটি সুদূরপ্রসারী ও সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এই রূপরেখার আওতায় তৃণমূল পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও প্রশিক্ষণের পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে তরুণদের বাস্তবমুখী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশের প্রতিটি উপজেলায় আধুনিক মিনি স্টেডিয়াম এবং প্রতিটি ইউনিয়নে একটি করে মানসম্মত উন্মুক্ত খেলার মাঠ নির্মাণের কাজ সমানতালে এগিয়ে চলছে।
তৃণমূলের বিদ্যালয়গুলোতে ক্রীড়া চর্চাকে পেশাদার রূপ দিতে এক বিশাল শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়া মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর আওতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ৪৯৫টি উপজেলায় অফিসার পদায়নের পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রতিটি উপজেলায় ৮টি ইভেন্টের প্রতিটিতে ৩ জন করে মোট ১১ হাজার ৮৮০টি পদে দক্ষ ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
সরকারের ক্রীড়াবান্ধব দৃষ্টিভঙ্গির কথা পুনর্ব্যক্ত করে আমিনুল হক বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের প্রাথমিক বয়সেই শনাক্ত করে তাদের জাতীয় ও আন্তর্জাতিক মানের উপযুক্ত ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। এর মাধ্যমে একদিকে যেমন ভবিষ্যৎ ক্রীড়া তারকার জন্ম হবে, অন্যদিকে তরুণদের শারীরিক সক্ষমতা ও মানসিক বিকাশের মধ্য দিয়ে একটি সুস্থ ও কর্মক্ষম জাতি গড়ে তোলা সম্ভব হবে।














মন্তব্যসমূহ