ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে তার মরদেহ নেওয়ার পর আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদনের কার্যক্রম শুরু হয়।
ইরানি কর্তৃপক্ষের ধারণা, খামেনির শেষ বিদায়ে প্রায় ২ কোটি মানুষ অংশ নিতে পারেন। সেই হিসেবে এটি দেশটির ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় শেষকৃত্যের অনুষ্ঠানে পরিণত হতে যাচ্ছে।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে খামেনির মরদেহ তার জন্মশহর মাশহাদে নেওয়া হবে। সেখানে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে কেন্দ্র করে শুরু হওয়া সামরিক সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যের পাশাপাশি ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাও প্রাণ হারান।
খামেনির মৃত্যু দেশটির রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করেছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা। তার শেষকৃত্যে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিনিধি দলের অংশগ্রহণও প্রত্যাশা করা হচ্ছে।
সূত্র: মিডল ইস্ট আই
মন্তব্যসমূহ