সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয়ার্ধে ইব্রাহিমের করা একমাত্র গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে স্বাগতিক দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে ডান দিক থেকে রাকিবের বাড়ানো ক্রস বক্সে থাকা বিশ্বনাথের কাছে পৌঁছানোর আগেই বিপদমুক্ত করেন ভুটানের এক ডিফেন্ডার। ফিরতি বল পেয়ে বক্সের বাইরে থেকে জোরালো শট নেন জামাল ভূঁইয়া। তবে সেটিও ভুটানের রক্ষণভাগ আটকে দেয়।
১৮ মিনিটে আবারও গোলের সুযোগ তৈরি করে বাংলাদেশ। রাকিবের ক্রস থেকে বিশ্বনাথ হেড নিলেও বলটি লক্ষ্যভ্রষ্ট হয়। আট মিনিট পর, ২৫ মিনিটে আরও একটি সহজ সুযোগ পান বিশ্বনাথ। ফাঁকা জায়গায় বল পেয়েও জালে জড়াতে পারেননি তিনি।
প্রথমার্ধের শেষ দিকেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। ৩৯ মিনিটে ভুটানের গোলরক্ষকের মুখোমুখি হয়েও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন বিশ্বনাথ। তাঁর নেওয়া কোনাকুনি শট লক্ষ্যভ্রষ্ট হলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
বিরতির পরও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে বাংলাদেশ। একের পর এক সুযোগ তৈরির পর অবশেষে ৬৮ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। ডি-বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে বল জালে পাঠিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন ইব্রাহিম।
গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে ভুটান। তবে বাংলাদেশের রক্ষণ সামলে আর সমতা ফেরাতে পারেনি তারা। শেষ পর্যন্ত ইব্রাহিমের একমাত্র গোলের সুবাদে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।














মন্তব্যসমূহ