দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। এসব অভিযোগের দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
সংগঠনের সদস্য সচিব এম নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি ও অনিয়মের গুরুতর অভিযোগ উঠে এসেছে। প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকার এবং সংশ্লিষ্ট ১০৪ জনের বক্তব্য তুলে ধরা হয়েছে।
এর আগে জাতীয় নারী ক্রিকেট দলের ক্রিকেটার জাহানারা আলমও একই ধরনের অভিযোগ করেছিলেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে নারী ক্রিকেটারদের নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়েছে সংগঠনটি।
ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের দাবি, অতীতেও নারী ক্রিকেটারদের পক্ষ থেকে যৌন হয়রানি ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। একাধিকবার তদন্তের দাবি জানানো হলেও কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি।
সংগঠনটি মনে করে, নতুন করে সামনে আসা অভিযোগগুলোর প্রকৃত সত্য জানতে স্বাধীন তদন্ত জরুরি। একই সঙ্গে অভিযোগকারী ক্রিকেটাররা যাতে ভয়, চাপ কিংবা সংকোচ ছাড়াই নিজেদের অভিজ্ঞতা তুলে ধরতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নারী ক্রিকেটারদের মূল্যায়নের একমাত্র ভিত্তি হওয়া উচিত তাঁদের যোগ্যতা, পরিশ্রম ও মাঠের পারফরম্যান্স। হয়রানি, ক্ষমতার অপব্যবহার বা অনৈতিক প্রস্তাবের মাধ্যমে কোনো খেলোয়াড়ের ক্রীড়াজীবন নিয়ন্ত্রণ করা গ্রহণযোগ্য নয়।
সংগঠনটির মতে, যৌন হয়রানি ও নিপীড়ন শুধু কর্মপরিবেশের ক্ষতি করে না, বরং নারী খেলোয়াড়দের আত্মবিশ্বাস, প্রতিভার বিকাশ ও পেশাগত অগ্রগতিতেও বাধা সৃষ্টি করে।
নারী ক্রিকেটের উন্নয়নে মাঠের সাফল্যের পাশাপাশি নিরাপদ, সম্মানজনক, বৈষম্যহীন ও পেশাদার পরিবেশ নিশ্চিত করাকে সমান গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স।
শুধু ক্রিকেট নয়, দেশের সব ক্রীড়াক্ষেত্রে নারীদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।
মন্তব্যসমূহ