আগামী শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি আয়োজন করতে হবে। দিবসটির তাৎপর্য তুলে ধরতে আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মঙ্গলবার (৩ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিমের সই করা এক চিঠিতে এ নির্দেশনা জানানো হয়।
নির্দেশনা অনুযায়ী, দিবসটি উপলক্ষে সরকার নির্ধারিত কর্মসূচি যথাযথভাবে পালন করতে হবে। এ জন্য ছুটির দিনেও সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়ে নির্ধারিত কার্যক্রমে অংশ নিতে হবে।
মাউশির চিঠিতে বলা হয়েছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করতে হবে।
একই সঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া পৃথক আরেকটি চিঠিতে দিবসটি উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করতে বলা হয়েছে।
অর্থাৎ ৭ নভেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে তিন ধরনের কর্মসূচি থাকবে। এগুলো হলো জাতীয় পতাকা উত্তোলন, বিশেষ আলোচনা অনুষ্ঠান এবং রচনা প্রতিযোগিতা।
এর আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার।
তবে চলতি বছর দিনটি শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা এ উপলক্ষে সাপ্তাহিক ছুটির বাইরে অতিরিক্ত কোনো ছুটি পাচ্ছেন না।
অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটি উদযাপনের জন্য নির্ধারিত কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
ফলে শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও আলোচনা অনুষ্ঠান, রচনা প্রতিযোগিতা ও জাতীয় পতাকা উত্তোলনের আয়োজন করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে।
মন্তব্যসমূহ