সদ্য শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসীরা দেশে ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি আগের অর্থবছরের তুলনায় ১৭ দশমিক ৩০ শতাংশ বেশি।
বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট ৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয় ছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন মাসে দেশে এসেছে ২৮০ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স। তবে আগের বছরের একই মাসে রেমিট্যান্স এসেছিল ২৮২ কোটি ৩০ লাখ ডলার।
এর আগে মে মাসে দেশে আসে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স। এক মাসের হিসাবে এটি দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।
গত মার্চে রেমিট্যান্স আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার। এটি দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত এপ্রিলে দেশে রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার। ফেব্রুয়ারিতে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার।
এছাড়া গত ডিসেম্বরে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স দেশে আসে।
২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন। ওই সময় পর্যন্ত সেটিই ছিল কোনো অর্থবছরে দেশের সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
মন্তব্যসমূহ