বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচের আগে বড় স্বপ্ন দেখছে কেপ ভার্দে। আফ্রিকার ছোট দেশটির প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস বিশ্বাস করেন, তার দেশ আরেকটি চমক দেখিয়ে ইতিহাস গড়তে পারে।
এবারই প্রথম বিশ্বকাপের মূল পর্বে খেলছে কেপ ভার্দে। অভিষেক আসরেই নকআউট পর্বে উঠে দলটি নজর কেড়েছে। গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের বিপক্ষে ড্র করার পর সৌদি আরবের সঙ্গেও পয়েন্ট ভাগ করে শেষ ৩২ নিশ্চিত করে তারা।
অন্যদিকে দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানকে হারিয়ে শতভাগ জয় নিয়ে নকআউটে উঠেছে লিওনেল মেসির দল। তিন ম্যাচে আর্জেন্টিনার করা আট গোলের মধ্যে ছয়টিই করেছেন মেসি। তাই কাগজে-কলমে আর্জেন্টিনাকেই এগিয়ে রাখা হচ্ছে।
তবে পরিসংখ্যান নিয়ে ভাবছেন না কেপ ভার্দের প্রেসিডেন্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে হোসে মারিয়া নেভেস বলেন, কেপ ভার্দে আর্জেন্টিনাকে হারাতে পারে বলে তিনি বিশ্বাস করেন। তার মতে, প্রত্যাশা কম থাকলেও জয়ের ক্ষুধা থাকলে অনেক কিছু সম্ভব।
নেভেস বলেন, কেপ ভার্দের মতো ছোট দেশের লক্ষ্য হওয়া উচিত বড় দলগুলোকে চমকে দেওয়া। আর্জেন্টিনার বিপক্ষেও তাদের জয়ের সম্ভাবনা আছে বলে মনে করেন তিনি।
তার মতে, বিশ্বকাপে অংশ নেওয়ার মূল উদ্দেশ্য ছিল সেরা দলগুলোর বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণ করা। চ্যাম্পিয়নদের বিপক্ষে পড়লেও কেপ ভার্দে নিজেদের লক্ষ্য থেকে সরবে না।
নেভেস বলেন, কেপ ভার্দে নিজেদের ভাগ্য নিজেরাই লিখতে বিশ্বকাপে এসেছে। আর্জেন্টিনা ও মেসির বিপক্ষেও তারা একই দৃঢ়তা, মানসিকতা ও জয়ের ইচ্ছা নিয়ে মাঠে নামবে। তাদের লক্ষ্য পরের রাউন্ডে ওঠা।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দে কতটা প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারে, সেটিই এখন দেখার অপেক্ষা।
মন্তব্যসমূহ