ইয়াবাসহ আটক এক মাদক কারবারির ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পরিবর্তনের ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইংয়ের উপ-পরিদর্শক তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে।
মঙ্গলবার বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
এর আগে সোমবার বিকেলে বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর কলোনি থেকে রাসেল হাওলাদার নামে এক মাদক কারবারিকে আটক করে কাউনিয়া থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটকের সময় রাসেলের গায়ে আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি ছিল। পরে কাউনিয়া থানা পুলিশ তার জার্সি উল্টো করে পরিয়ে ছবি তুলে বিএমপির মিডিয়া সেলে পাঠায়।
এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছবিতে আর্জেন্টিনার জার্সি পরিবর্তন করে ব্রাজিলের জার্সি দেখানো হয়। সেই ছবি বিএমপির মিডিয়া উইং থেকে গণমাধ্যমে পাঠানো হলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। বিশেষ করে ব্রাজিল সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সংশোধিত ছবি ও সঠিক তথ্য আবারও মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ই-মেইলে পাঠানো হয়।
বিএমপির মিডিয়া সেলের উপ-পরিদর্শক তানজিল আহমেদ বিষয়টি ‘দুষ্টুমির ছলে’ করা হয়েছে বলে স্বীকার করেছেন। দায়িত্বশীল পদে থেকে এমন অপেশাদার আচরণের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ বলেন, বিষয়টি নজরে আসার পর উপ-পরিদর্শক তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে। তার জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্যসমূহ