জাপানের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের জোড়া গোলে শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে ব্রাজিল। ম্যাচের শেষ মুহূর্তে গাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোলে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত শেষ বত্রিশের ম্যাচে জাপানকে ২-১ গোলে হারায় ব্রাজিল। ম্যাচ শেষে সেলেসাওদের কোচ কার্লো আনচেলত্তি বলেন, এই জয় তাদেরই প্রাপ্য ছিল।
আনচেলত্তি বলেন, ব্রাজিল গোল হজম করলেও ধৈর্য হারায়নি। প্রথমার্ধেও দল ভালো খেলেছে। তার মতে, কঠিন প্রতিপক্ষের বিপক্ষে ধৈর্য ধরে খেলেই শেষ পর্যন্ত ফল পেয়েছে ব্রাজিল।
ম্যাচের ২৯ মিনিটে কাইশু সানোর গোলে এগিয়ে যায় জাপান। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। তবে দ্বিতীয়ার্ধে কৌশল বদলে আক্রমণে গতি বাড়ায় সেলেসাওরা।
৫৬ মিনিটে গাব্রিয়েল মাগালিয়াইসের ক্রস থেকে হেডে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান কাসেমিরো। এরপর ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর পথে, তখন যোগ করা সময়ের পঞ্চম মিনিটে জয়সূচক গোল করেন বদলি খেলোয়াড় মার্তিনেল্লি। ব্রুনো গিমারায়েসের বাড়ানো বলে তার কোনাকুনি শট জাপানের জাল কাঁপায়।
আনচেলত্তি বলেন, জাপান মোটেই সহজ প্রতিপক্ষ নয়। তারা গোছানো, শারীরিকভাবে শক্তিশালী এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলেছে। তবে ব্রাজিলের মাঠ ও বেঞ্চ, দুই জায়গাতেই ম্যাচের পার্থক্য গড়ে দেওয়ার মতো খেলোয়াড় রয়েছে।
এই জয়ে ১৯৯০ সালের পর থেকে বিশ্বকাপের নকআউট পর্বে ধারাবাহিকভাবে এগিয়ে যাওয়ার রেকর্ড ধরে রাখল ব্রাজিল। একই সঙ্গে ২০০২ সালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউট ম্যাচে পিছিয়ে পড়েও জয় পেল সেলেসাওরা।
শেষ ষোলোতে আইভরিকোস্ট ও নরওয়ের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্র: রয়টার্স
মন্তব্যসমূহ