চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে প্যারাগুয়ে। ঐতিহাসিক এই জয়ের আনন্দে মঙ্গলবার দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা।
রাউন্ড অব ৩২-এর ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে জার্মানি ও প্যারাগুয়ের লড়াই ১-১ সমতায় শেষ হয়। পরে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় দক্ষিণ আমেরিকার দলটি।
প্যারাগুয়ের হয়ে ম্যাচে এগিয়ে যাওয়ার গোল করেন হুলিও এনসিসো। দ্বিতীয়ার্ধে কাই হাভার্টজের গোলে সমতায় ফেরে জার্মানি। অতিরিক্ত সময়েও কেউ আর গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
শুটআউটে গোলরক্ষক অরলান্দো গিলের দৃঢ়তা এবং হোসে কানালের সিদ্ধান্তমূলক শটে জার্মানির বিপক্ষে স্মরণীয় জয় নিশ্চিত করে প্যারাগুয়ে। এর মাধ্যমে বিশ্বকাপে জার্মানির দীর্ঘদিনের টাইব্রেকার-দাপটেও বড় ধাক্কা লাগে।
জয়ের পর রাজধানী আসুনসিওনসহ প্যারাগুয়ের বিভিন্ন শহরে নেমে আসে উৎসবের আমেজ। জাতীয় পতাকা হাতে রাস্তায় নামেন হাজারো সমর্থক। রাতভর চলে বিজয় মিছিল, গান, নাচ ও আতশবাজি।
প্রেসিডেন্ট পেনা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এই জয় শুধু ফুটবলের সাফল্য নয়, এটি প্যারাগুয়ের মানুষের আত্মবিশ্বাস, ঐক্য ও লড়াইয়ের প্রতীক। তাই পুরো জাতিকে একসাথে উদ্যাপনের সুযোগ দিতেই সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
জার্মানিকে বিদায় করে শেষ ষোলোতে ওঠা প্যারাগুয়ে এখন আরও বড় স্বপ্ন দেখছে। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পরের ম্যাচেও আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে তারা।
সূত্র: রয়টার্স
মন্তব্যসমূহ