বর্তমান সরকারের কার্যক্রম মূল্যায়নের দায়িত্ব জনগণের উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, সরকার মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারলে পাঁচ বছর পর নির্বাচনের মাধ্যমে জনগণ তার জবাব দেবে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর রমনা কালীমন্দিরে বিদ্যানন্দের উদ্যোগে আয়োজিত ‘পাঁচ টাকায় পূজার বাজার’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, বর্তমান প্রধানমন্ত্রী একটি দুর্বল অর্থনৈতিক পরিস্থিতিতে দেশের দায়িত্ব গ্রহণ করেছেন। অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে সময় প্রয়োজন। সরকার নির্ধারিত সময়ে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে ভোটাররাই নির্বাচনের মাধ্যমে নিজেদের সিদ্ধান্ত জানাবেন।
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আবদুস সালাম বলেন, যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টি হলে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। তাই দেশের স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি দরিদ্র ও ছিন্নমূল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ধর্মকে কেন্দ্র করে কেউ যাতে অপ্রয়োজনীয় রাজনৈতিক পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান ডিএসসিসি প্রশাসক।
এদিকে বিদ্যানন্দের ‘পাঁচ টাকায় পূজার বাজার’ থেকে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। তাদের মতে, সীমিত আয়ের পরিবারের জন্য উৎসবের কেনাকাটায় এ ধরনের উদ্যোগ আর্থিক চাপ কমাতে সহায়ক হচ্ছে।
বিদ্যানন্দের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন এলাকার মহল্লাভিত্তিক জরিপের মাধ্যমে হতদরিদ্র পরিবারগুলোকে শনাক্ত করা হয়েছে। এসব পরিবারের সদস্যদের বাজার থেকে পণ্য কেনার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
স্বল্প আয়ের মানুষের উৎসবের কেনাকাটা সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
মন্তব্যসমূহ