দেশের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে বাধা, হুমকি এবং সাংস্কৃতিক স্থাপনায় হামলার অভিযোগে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আবেদনে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলার ঘটনাসহ সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারি পদক্ষেপ ও সাংস্কৃতিক কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি জমা দেন।
রিটে দেশের শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি কনসার্ট, নাটক, চলচ্চিত্র, সংগীতানুষ্ঠানসহ সব ধরনের সাংস্কৃতিক আয়োজন নির্বিঘ্নে পরিচালনার পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
আবেদনকারী আইনজীবী সাদ্দাম হোসেন অভি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার ঘটনা ঘটছে। কোথাও কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে, আবার কোথাও সাংস্কৃতিক স্থাপনায় হামলা চালানোর অভিযোগ উঠেছে।
তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলাসহ দেশের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে। বিভিন্ন জায়গায় কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়া হচ্ছে এবং বিভিন্ন সাংস্কৃতিক স্থাপনায় হামলা চালানো হচ্ছে।’
আইনজীবীর ভাষ্য অনুযায়ী, ‘তৌহিদী জনতা’ পরিচয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধ, সাংস্কৃতিক স্থাপনার সরকারি সুরক্ষা নিশ্চিত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
সাদ্দাম হোসেন অভি আরও বলেন, ‘এই দেশটাকে সোনার বাংলা এবং এর যে সাংস্কৃতিক তথা বাঙালি জাতীয়তাবাদী সত্তা রয়েছে, তা নষ্ট করার উদ্দেশ্যেই আগ্রাসন চালানো হচ্ছে। সরকার যাতে এসব অপতৎপরতা বন্ধে সুরক্ষার ব্যবস্থা করে এবং সাধারণ মানুষ যেন আইনগতভাবে ও স্বাচ্ছন্দ্যে তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, রিটে সেই নিরাপত্তাই নিশ্চিত করতে বলা হয়েছে।’
তিনি অভিযোগ করেন, ধর্মের নাম ব্যবহার করে কিছু ব্যক্তি অপব্যাখ্যার মাধ্যমে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন।
রিট আবেদনে সাধারণ মানুষ ও সাংস্কৃতিক সংগঠনগুলো যেন আইনসম্মতভাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করতে পারে, সে জন্য প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করতে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।
মন্তব্যসমূহ