এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বুধবার, ১৪ অক্টোবর সচিবালয়ে এক বৈঠকে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ধর্মঘট করে ভোগান্তি তৈরি বা দাম বাড়ানোর চেষ্টা কোনোভাবেই মেনে নেবে না সরকার।
জ্বালানিমন্ত্রীর ভাষ্য, যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামেও স্থিতিশীলতা নেই।
এই পরিস্থিতিতে ভোক্তা পর্যায়ে জ্বালানির দাম সহনীয় রাখার চেষ্টা করছে সরকার। কিন্তু এর মধ্যেই এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘটের পথে গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
মন্ত্রী বলেন, কথায় কথায় ধর্মঘট ডেকে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা গ্রহণযোগ্য নয়। এমন পরিস্থিতিতে ১৯৫৬ সালের আইন প্রয়োগ করা হবে বলেও তিনি জানান।
তবে শুধু কঠোর অবস্থানের কথাই বলেননি মন্ত্রী। এলপিজি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের ওপরও জোর দিয়েছেন তিনি।
তার বক্তব্য, ব্যবসায়ীদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের বিষয়ে বুধবারের বৈঠকে আলোচনা হয়েছে। এ নিয়ে চলতি মাসেই আবারও বৈঠকে বসার কথা রয়েছে।
জ্বালানিমন্ত্রী আরও বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে এবং জনগণ আস্থা রেখে তাদের দায়িত্ব দিয়েছে। তাই জ্বালানি সরবরাহ নিয়ে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।
এ অবস্থায় ধর্মঘটের পরিবর্তে আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি।
মন্তব্যসমূহ