শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার ও দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার এই নির্দেশনা সংসদীয় কমিটির সভায় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি।
সোমবার (১২ অক্টোবর) বরিশালের গৌরনদী উপজেলার বার্থী কালীমন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত প্রস্তুতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে গৌরনদী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বী ভক্তরা উপস্থিত ছিলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই উৎসবের আনন্দ শুধু একটি সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মানুষও উৎসবের আনন্দে অংশ নেন।
বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের উল্লেখযোগ্য উপস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, দুর্গাপূজা দেশের মানুষের জন্য একটি আনন্দের উৎসব।
প্রধানমন্ত্রীর সঙ্গে সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিদের সাক্ষাতের প্রসঙ্গ উল্লেখ করে জহির উদ্দিন স্বপন জানান, ধর্মীয় উৎসব আয়োজনের বিষয়ে প্রতিনিধিরা তাঁদের প্রত্যাশা তুলে ধরলে প্রধানমন্ত্রী প্রত্যাশার চেয়েও বেশি সহযোগিতার উদ্যোগ নিয়েছেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম পূজাপার্বণের আয়োজন তদারকির দায়িত্ব নিয়েছে। দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার ও দলীয় পর্যায়ে সহযোগিতা অব্যাহত রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামীর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব এবং পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস বণিক, সাবেক সভাপতি মনোজ গোমস্তা, বার্থী মন্দির ট্রাস্টি বোর্ডের সভাপতি শান্তুনু ঘোষসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতারা।
সভায় শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি ও সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।
মন্তব্যসমূহ