বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচারের বিরুদ্ধে সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
শনিবার (১০ অক্টোবর) ঢাকায় প্রকাশিত এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে উদ্দেশ্যমূলকভাবে কিছু অসত্য ও মনগড়া তথ্য প্রচার করে জনমনে অহেতুক বিভ্রান্তি তৈরি এবং ঐতিহ্যবাহী বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর কোনো অপপ্রচারে প্রভাবিত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি বিনীত অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
আইএসপিআর আরও স্পষ্ট করেছে, সুদৃঢ় চেইন অব কমান্ড, পারস্পরিক আস্থা, সুদৃঢ় ঐক্য, কঠোর শৃঙ্খলা এবং সর্বোচ্চ পেশাদারিত্বের মূলনীতির ওপর বাংলাদেশ সেনাবাহিনী সর্বাবস্থায় অবিচল ও ঐক্যবদ্ধ রয়েছে। সংবিধান ও জনগণের প্রতি অর্পিত পবিত্র দায়িত্ব পালনে বাহিনীর প্রতিটি সদস্য দৃঢ়প্রতিজ্ঞ।
একই সঙ্গে সেনাবাহিনী কিংবা সেনাবাহিনী প্রধান সম্পর্কিত যেকোনো সংবাদের ক্ষেত্রে কেবল দায়িত্বশীল, আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য তথ্যসূত্র অনুসরণ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে আইএসপিআর।
মন্তব্যসমূহ