জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সময় নির্ধারণে নজিরবিহীন বৈষম্য এবং বিরোধী দলের সময় কেটে নেওয়ার অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী।
রোববার (২৮ জুন) রাতে সংসদে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার (২৯ জুন) ব্রিফিংয়ে ক্ষোভ প্রকাশ করেন জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমানসহ ১১ দলীয় জোটের নেতারা।
নাজিবুর রহমান অভিযোগ করেন, সংসদে বিরোধী দলের সংসদ সদস্যদের বক্তব্য রাখার নির্ধারিত সময় থেকে পাঁচ মিনিট করে কেটে নেওয়া হয়েছে। এতে তাদের মাত্র তিনজন সংসদ সদস্য বক্তব্য দেওয়ার সুযোগ পান।
তিনি বলেন, সরকারদলীয় সদস্যদের ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা গেছে। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিতে উঠলে তাঁর নির্ধারিত ৪০ মিনিট সময় বাড়িয়ে এক ঘণ্টার বেশি কথা বলার সুযোগ দেওয়া হয়।
নাজিবুর রহমানের দাবি, রাত ১০টা পার হওয়ার পরও সরকারি দলের সদস্যদের নিয়মবহির্ভূতভাবে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছে। এটি দুই পক্ষের মধ্যে হওয়া আগের আলোচনার সম্পূর্ণ পরিপন্থি।
সংসদে বিল উত্থাপনের প্রক্রিয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন জামায়াতের এই সংসদ সদস্য। তিনি অভিযোগ করেন, কার্যপ্রণালী বিধির ৭৭ নম্বর বিধি লঙ্ঘন করে বিলগুলো সংসদে আনা হচ্ছে।
তাঁর দাবি, নিয়ম অনুযায়ী সংসদ সদস্যদের বিল পড়ার এবং আপত্তি উত্থাপনের জন্য পর্যাপ্ত সময় ও প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না। স্পিকারের বিশেষ এখতিয়ারকে নিয়মে পরিণত করে প্রতিদিন নতুন বিল আনা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ ছাড়া পয়েন্ট অব অর্ডারে বিরোধী দলের সিনিয়র সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে কথা বলতে না দেওয়ার ঘটনাকেও ওয়াকআউটের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন নাজিবুর রহমান।
জোটের একজন প্রবীণ সংসদ সদস্য রোববারের ঘটনাকে দেশের সংসদীয় ইতিহাসে ন্যাক্কারজনক বলে আখ্যা দেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্ধারিত সময় ছিল ৪০ মিনিট, কিন্তু তাঁকে প্রায় এক ঘণ্টা ২০ মিনিট বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সরকারদলীয় সদস্যদের এমন আচরণের প্রতিবাদেই ১১ দলীয় জোটের সদস্যরা সংসদ থেকে ওয়াকআউট করতে বাধ্য হয়েছেন।
জোট নেতাদের ভাষ্য, জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে ন্যায্যভাবে কথা বলার সুযোগ না পেলে সেখানে থাকার অর্থ থাকে না। জনগণের অধিকার আদায়ে সংসদের ভেতরে ও বাইরে প্রতিবাদের সব পথ বেছে নেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।














মন্তব্যসমূহ