জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, “আমাদের মানবাধিকার যদি না থাকে এবং শত্রুর মানবাধিকার নিয়ে সরকারের বেশি উদ্বেগ থাকে, তাহলে আমাদের পথ আমাদেরই দেখতে হবে। ফ্যাসিবাদী শক্তি এতটাই নৃশংস যে, আমরা যদি প্রথম টার্গেট হই তাহলে পরের টার্গেট উনারাও হবেন।”
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) বিকেলে জাতীয় সংসদ অধিবেশন শুরু হতেই নির্ধারিত প্রশ্নোত্তর পর্বের আগে বক্তব্য দিতে দাঁড়িয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
অধিবেশনের শুরুতেই এনসিপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা হামলার প্রসঙ্গ উত্থাপন করেন নাহিদ ইসলাম। এ সময় স্পিকার তাঁকে জানান, বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে আগে নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব শেষ হোক এবং এরপর তাঁকে ‘পয়েন্ট অব অর্ডারে’ দাঁড়িয়ে কথা বলার সুযোগ দেওয়া হবে।
তবে স্পিকারের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে নাহিদ ইসলাম বলেন, “প্রশ্নোত্তর দিয়ে আমরা কী করব?” জবাবে স্পিকার বলেন, “আধা ঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে? অপেক্ষা করতে অসুবিধা কী? আর স্বরাষ্ট্রমন্ত্রীও তো এখন অধিবেশনে নেই যে তিনি জবাব দেবেন।”
স্পিকারের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী কী জবাব দেবেন তা আমরা জানি। আমরা শুধু আমাদের কথা বলতে চাই। আমরা তাঁর জবাব আশা করি না, সরকারের জবাবও আশা করি না। আর আমাদের যদি এখন কথা বলতে দেন, তাহলে থাকব; নইলে সংসদ থেকে চলে যাব।”














মন্তব্যসমূহ