দেশে হামের প্রাদুর্ভাবে মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৯ জনে। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব ধরে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর মোট ১ হাজার ২৯৯ জনের মৃত্যুর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনের মধ্যে সিলেট বিভাগে দুজন এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে রয়েছেন।
বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ৩৮৪ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ২৯১ জনে, যার মধ্যে পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৮৮০ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৫৪১ জন রোগী ভর্তি হয়েছেন। বিভাগওয়ারি হিসাবে নতুন ভর্তির মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে ৬৩৮ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬৯ জন, সিলেটে ২২৯ জন, ময়মনসিংহে ১১৪ জন, বরিশালে ১০৬ জন, খুলনায় ৮৪ জন, রংপুরে ৫৮ জন এবং রাজশাহী বিভাগে ৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ১৮ হাজার ৭৫ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৯ হাজার ২০৭ জন।














মন্তব্যসমূহ