টেক্সটাইল শিল্পে উৎপাদন বাড়ানোর পাশাপাশি পানি সংরক্ষণ, বর্জ্যপানি শোধন ও পুনর্ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি। একই সঙ্গে শিল্প ও একাডেমিয়ার মধ্যে সহযোগিতা বাড়িয়ে নতুন উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার ওপরও জোর দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে বুটেক্স-আইটিইটি ডাই-কেম এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, টেক্সটাইল শিল্পে পানির ব্যবহার অত্যধিক হলেও দেশে ভূ-গর্ভস্থ পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। তাই ভূ-গর্ভস্থ পানির পরিবর্তে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি পানির বিকল্প উদ্ভাবনের জন্যও আহ্বান জানান।
মন্ত্রী বলেন, টেক্সটাইল শিল্পের অগ্রগতির সঙ্গে পানি সংরক্ষণ, কার্যকর বর্জ্যপানি শোধন, পানির পুনর্ব্যবহার এবং পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতিকে টেকসই শিল্প উন্নয়নের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা প্রয়োজন।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান টেক্সটাইল শিল্পের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে টেক্সটাইল শিল্প উল্লেখযোগ্য অবদান রাখছে।
টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভূমিকার কথা তুলে ধরে এ্যানি বলেন, প্রতিষ্ঠানটি শত শত পেশাজীবী তৈরি করছে, যাদের চাহিদা দেশ ও বিদেশে রয়েছে।
বুটেক্স-আইটিইটি ডাই-কেম এক্সপোর মাধ্যমে উদ্ভাবনকে এগিয়ে নেওয়া, শিল্প ও একাডেমিয়ার সহযোগিতা আরও জোরদার করা এবং পরবর্তী প্রজন্মের টেক্সটাইল পেশাজীবীদের অনুপ্রাণিত করার প্রত্যাশা ব্যক্ত করেন পানিসম্পদমন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আইটিইটির সভাপতি ইঞ্জিনিয়ার এনায়েত হোসেন ও মহাসচিব ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক ড. তানিয়া আক্তার, অধ্যাপক ড. রাশেদা বেগমসহ অন্যরা।
মন্তব্যসমূহ