মধ্যপ্রাচ্যের তিন দেশ মিসর, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের কাছে ২ বিলিয়ন ডলারের বেশি মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে দেশটির কংগ্রেসকে অবহিত করে।
অনুমোদিত চুক্তিগুলোর মধ্যে সবচেয়ে বড়টি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে। দেশটি সর্বোচ্চ ১০ হাজার এপিকেডব্লিউএস-২ লেজার-নির্দেশিত অস্ত্র ব্যবস্থা কিনবে। আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে স্থলে—উভয় ধরনের অভিযানে ব্যবহারের উপযোগী এসব অস্ত্রের সম্ভাব্য চুক্তিমূল্য ১.০৪ বিলিয়ন ডলার।
মিসরের জন্য অনুমোদিত চুক্তির আওতায় ২ হাজারের বেশি এফজিএম-১৪৮ জ্যাভেলিন অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র এবং সর্বোচ্চ ২০০টি জ্যাভেলিন লঞ্চ ইউনিট কেনা হবে। পাশাপাশি সিমুলেশন রাউন্ড, প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ এবং মার্কিন সরকারের কারিগরি সহায়তাও চুক্তির অংশ থাকবে। এ চুক্তির আনুমানিক মূল্য ৮৩২ মিলিয়ন ডলার।
এদিকে, কুয়েত প্রায় ৪০০ মিলিয়ন ডলার ব্যয়ে দেশটির ব্যবহৃত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মেরামত এবং প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ সংগ্রহ করবে।
শুক্রবার যুক্তরাষ্ট্র এসব অস্ত্র বিক্রির অনুমোদনের তথ্য প্রকাশ করে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভাষ্য অনুযায়ী, অস্ত্র ও সামরিক সহায়তা সরবরাহ করা হলেও এর ফলে মধ্যপ্রাচ্যে বিদ্যমান সামরিক ভারসাম্যে মৌলিক কোনো পরিবর্তন আসবে না।
সূত্র : মিডল ইস্ট আই
মন্তব্যসমূহ