নানা পাটেকরের আকস্মিক মৃত্যুতে শোক জানিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। অভিনেতার সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্বের পাশাপাশি গোয়ার সামাজিক কর্মকাণ্ডে তার ভূমিকার কথাও স্মরণ করেছেন তিনি।
এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাওয়ান্ত বলেন, নানা পাটেকর শুধু ভারতীয় সিনেমার অন্যতম সেরা অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু ও নিবেদিতপ্রাণ সমাজকর্মী। গোয়ার সঙ্গে অভিনেতার একটি গভীর আত্মিক সম্পর্ক তৈরি হয়েছিল বলেও জানান তিনি।
নানা পাটেকরের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এই শোকের সময়ে আমি তার পরিবারের পাশে আছি।’
বৃহস্পতিবার গোয়ার একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নানা পাটেকর। তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিচারণ করে সাওয়ান্ত জানান, অভিনেতা গোয়ায় এলেই নিজে ফোন করে তার সঙ্গে যোগাযোগ করতেন।
সাওয়ান্ত বলেন, ‘তিনি আমার একজন ভালো বন্ধু ছিলেন। যখনই তিনি গোয়ায় আসতেন, ব্যক্তিগতভাবে আমাকে ফোন করতেন।’
নানা পাটেকরের মৃত্যুর মাত্র চার দিন আগে গোয়ার একটি অনুষ্ঠানে তার উপস্থিত থাকার কথা ছিল। একই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীরও যাওয়ার কথা থাকলেও অন্য ব্যস্ততার কারণে তিনি যেতে পারেননি।
এ প্রসঙ্গে সাওয়ান্ত বলেন, ‘চার দিন আগে তিনি গোয়ার একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। আমিও সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু অন্য ব্যস্ততার কারণে যেতে পারিনি।’
এরপর তিনি বলেন, ‘আমি একজন ভালো বন্ধুকে হারালাম।’
গোয়ার সঙ্গে নানা পাটেকরের সম্পর্ক কেবল অভিনয় কিংবা চলচ্চিত্রের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। ‘নানা পাটেকর ফাউন্ডেশন’-এর মাধ্যমে অভিনেতা রাজ্যটিতে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। ভবিষ্যতে এসব কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনাও তার ছিল।
সাওয়ান্ত বলেন, ‘নিজের ফাউন্ডেশনের মাধ্যমে তিনি গোয়ায় অনেক সামাজিক কাজ করেছেন। এখানে তার সমাজসেবামূলক কাজ আরও বিস্তৃত করার পরিকল্পনা ছিল তার। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, বিষয়টি খুবই দুঃখজনক।’
নানা পাটেকরের মৃত্যুর মাত্র দুই দিন আগে তরুণ কঙ্কণী শিল্পীদের সঙ্গে তার নাচের একটি ভিডিও দেখেছিলেন বলেও জানান গোয়ার মুখ্যমন্ত্রী।
তার ভাষায়, ‘আমি একটি ভিডিও দেখেছি, যেখানে মাত্র দুই দিন আগে তিনি তরুণ কঙ্কণী শিল্পীদের সঙ্গে নাচছিলেন।’
হিন্দি সিনেমার পাশাপাশি মারাঠি চলচ্চিত্রেও নানা পাটেকরের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন সাওয়ান্ত। বিশেষ করে ‘নটসম্রাট’ সিনেমায় তার অভিনয়কে স্মরণীয় বলে উল্লেখ করেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, ‘হিন্দি সিনেমার পাশাপাশি মারাঠি চলচ্চিত্রে তার অবদানের জন্যও তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তার ‘নটসম্রাট’ সিনেমাটি কখনো ভোলার নয়।’
তবে গোয়ার মানুষের কাছে নানা পাটেকর শুধু একজন খ্যাতিমান অভিনেতা নন, একজন ভালো মানুষ ও সমাজকর্মী হিসেবেও স্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেন সাওয়ান্ত।
তিনি বলেন, ‘একজন মহান অভিনেতা ছাড়াও গোয়া নানা পাটেকরকে একজন ভালো মানুষ ও সমাজকর্মী হিসেবে মনে রাখবে।’
সাওয়ান্ত আরও বলেন, ‘নানা চিরকাল গোয়াবাসীর হৃদয়ে বেঁচে থাকবেন।’
সূত্র : এনডিটিভি
মন্তব্যসমূহ