২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশের লড়াইয়ে নবাগত কেপ ভার্দেকে হালকাভাবে নিচ্ছেন না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। গ্রুপ পর্বে আফ্রিকান দলটির পারফরম্যান্স দেখে তাদের কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখছেন তিনি।
রোববার বিশ্বকাপের ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার হয়ে গোল করেন লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ও জিওভানি লো সেলসো।
জর্ডানের বিপক্ষে জয়ের পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে কেপ ভার্দে নিয়ে সতর্ক অবস্থানের কথা জানান স্কালোনি। আগামী ৪ জুলাই শেষ বত্রিশে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে আফ্রিকার দলটি।
স্কালোনি বলেন, কেপ ভার্দে ভালো দল। গ্রুপ পর্বে প্রতিপক্ষদের জন্য তারা কঠিন পরিস্থিতি তৈরি করেছিল। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে তারা যেমন লড়াই করেছে, আর্জেন্টিনার বিপক্ষেও তেমন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে।
এবারের বিশ্বকাপে অভিষেকেই চমক দেখিয়েছে কেপ ভার্দে। গ্রুপ পর্বে কোনো ম্যাচ না হেরে তিনটিতেই ড্র করেছে তারা। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়াকু ফুটবল খেলে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে দলটি।
স্কালোনি বলেন, চলতি বিশ্বকাপের পারফরম্যান্স বিবেচনায় কেপ ভার্দের বিপক্ষে সতর্ক থাকতে হবে। তারা দ্রুতগতির, মানসম্পন্ন এবং সংগঠিত একটি দল।
জর্ডানের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে বড় পরিবর্তন আনেন আর্জেন্টিনা কোচ। নিয়মিত একাদশের বেশ কয়েকজনকে বিশ্রাম দিয়ে বিকল্প খেলোয়াড়দের সুযোগ দেন তিনি। তবু প্রথমার্ধেই লো সেলসো ও লাউতারোর গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধের শুরুতে জর্ডান একটি গোল শোধ করে ম্যাচে ফেরার চেষ্টা করলেও মেসির ফ্রি কিকের গোলে আর্জেন্টিনার জয় নিশ্চিত হয়।
শিষ্যদের পারফরম্যান্স নিয়ে স্কালোনি বলেন, এই ম্যাচে তিনি কাউকে নিয়ে ঝুঁকি নিতে চাননি। একই সঙ্গে যেসব পজিশনে বিকল্প খেলোয়াড়দের প্রয়োজন হতে পারে, সেখানে কয়েকজনকে দেখে নেওয়ার সুযোগ পেয়েছেন।
মন্তব্যসমূহ