অন্যায় ও অনিয়মের প্রতিবাদকারীদের হয়রানি না করে অপরাধ ও অনিয়মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শনিবার (৩ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এ আহ্বান জানান।
তার অভিযোগ, সাম্প্রতিক অন্তত দুটি অপরাধ ও অনিয়মের ঘটনায় প্রতিবাদকারীদের বিরুদ্ধেই কঠোর অবস্থান নিয়েছে সরকার। এতে পরোক্ষভাবে অপরাধ ও অনিয়ম প্রশ্রয় পাচ্ছে বলে দাবি করেন তিনি। একটি গণতান্ত্রিক সরকারের প্রতিবাদকে স্বাগত জানানো উচিত বলেও মন্তব্য করেন ইসলামী আন্দোলনের মহাসচিব।
এ প্রসঙ্গে কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার কথা তুলে ধরেন গাজী আতাউর রহমান। তার ভাষ্য, ঘটনার পর সালমান মুক্তাদিরের তাৎক্ষণিক বক্তব্যকে মুখ্য করে তোলা হয়েছে এবং পরে তার ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে।
বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে বলা হয়, ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্য চেয়ে ব্যাংকগুলোতে চিঠি পাঠায়।
একই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকট ঘিরে যাত্রীদের ভোগান্তির ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেপ্তারের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। বিমানবন্দর থানায় করা মামলায় ৩ অক্টোবর আদালত আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গাজী আতাউর রহমানের মতে, দীর্ঘ ভ্রমণের পর ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তির শিকার যাত্রীরা প্রতিবাদের সময় মার্জিত আচরণ করলে তা ভালো। তবে কারও আচরণ অমার্জিত হলে তার আইনগত দায় থাকতে পারে। কিন্তু এর জেরে গ্রেপ্তারের ঘটনা রাষ্ট্রের নিপীড়ক চেহারা সামনে নিয়ে এসেছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, অপরাধ ও অন্যায়ের প্রতিবাদকারীকে হেনস্তা করা হলে অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়। এর ফলে অপরাধীরা আরও সাহস পেতে পারে এবং রাষ্ট্র অত্যাচারী হয়ে ওঠার পথ তৈরি হয় বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিবাদকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিবাদ জানিয়ে সরকারকে এ ধরনের মানসিকতা থেকে সরে আসার আহ্বান জানিয়েছে।
মন্তব্যসমূহ