নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে ১৮ বছর বয়সী মো. জুনায়েদ মিয়া নামের এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চর কামটখালী গ্রামে তাঁর নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
জুনায়েদ মিয়া ওই গ্রামের মো. শামছুল হকের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, জুনায়েদের বড়ভাই সাকিব মিয়া একটি ব্যাটারি চালিত ইজিবাইক চার্জ দেয়ার সময় ভুলক্রমে ইজিবাইকের সাথে চাবিটি রেখে যান। পরে জুনায়েদ চাবি নিতে গেলে বিদ্যুতায়িত হন। আহত অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাকিব মিয়া জানান, ‘‘ইজিবাইক প্রতিদিন একই জায়গায় চার্জ করি। গতরাতেও চার্জ দিয়েছিলাম, কিন্তু চাবি নিতে মনে ছিল না। জুনায়েদ যখন চাবি নিতে গিয়েছিল, তখন দুর্ঘটনা ঘটে।’’
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজহারুল ইসলাম বলেন, ‘‘ঘটনাটি শুনেছি। এ বিষয়ে তদন্ত চলছে।’’
মন্তব্যসমূহ