পাকিস্তানের করাচিতে রেঞ্জার্সের একটি ক্যাম্পে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে তিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে হামলাকারীদের কয়েকজন হতাহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।
রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, করাচির গুলিস্তান-ই-জোহর ব্লক ৬ এলাকার কাছে পাকিস্তান রেঞ্জার্সের একটি ক্যাম্পে হামলা চালায় জামাত-উল-আহরার নামের একটি সশস্ত্র গোষ্ঠী। প্রথমে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর এলাকায় ব্যাপক গোলাগুলি শুরু হয়।
খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। নিরাপত্তার স্বার্থে মৌসুমিয়াত চৌরঙ্গি থেকে গুলিস্তান-ই-জোহর ব্লক ৬, কামরান চৌরঙ্গি এবং চমন ইকবাল কলোনিগামী কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, আইএসপিআর জানিয়েছে, হামলাকারীরা প্রথমে ক্যাম্পের মূল ফটকে বিস্ফোরণ ঘটায়। এরপর তারা সীমানাপ্রাচীর ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। তবে রেঞ্জার্স সদস্যদের সতর্কতা ও পাল্টা প্রতিরোধের মুখে তাদের চেষ্টা ব্যর্থ হয়।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, অভিযানে তিন হামলাকারী নিহত হয়েছে। আহত অবস্থায় আরও একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি আফগানিস্তানের নাগরিক বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী।
আইএসপিআর আরও জানায়, হামলাকারীরা জামাত-উল-আহরার গোষ্ঠীর সদস্য। হামলার পর সন্ত্রাসীদের খোঁজে আশপাশের এলাকায় চিরুনি অভিযান চলছে।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বিদেশি পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদ দমনে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে হামলার পরিকল্পনাকারীদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে তারা।
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির নিহত সেনাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যদের আত্মত্যাগ পাকিস্তান রক্ষার অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।
সূত্র: জিও নিউজ
মন্তব্যসমূহ