ভারতের মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পাওয়ার পর ‘জেল ভরো আন্দোলন’ বা গণ-গ্রেফতার কর্মসূচির ঘোষণা দিয়েছে ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এ কর্মসূচির ঘোষণা দেন। ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন থেকে কর্মসূচি শুরু করার কথা জানিয়েছে দলটি।
শিবাজী পার্কে সমাবেশ আয়োজনের অনুমতি চেয়েছিল সিজেপি। তবে মুম্বাই পুলিশ তাদের আবেদন অনুমোদন করেনি। পুলিশের ভাষ্য, মাঠটি মূলত খেলাধুলার জন্য নির্ধারিত। সেখানে বড় ধরনের রাজনৈতিক জমায়েত হলে শব্দদূষণের পাশাপাশি আশপাশের হাসপাতালগুলোতে রোগীদের যাতায়াতে সমস্যা তৈরি হতে পারে।
অনুমতি না দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি অভিযোগ করেন, প্রশাসনের এমন সিদ্ধান্ত সাধারণ মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ সীমিত করছে।
ভোটার তালিকা সংশোধনসংক্রান্ত নির্বাচন কমিশনের কিছু সিদ্ধান্ত ঘিরে সাম্প্রতিক বিতর্কের পর প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি তোলে দলটি। এর ধারাবাহিকতায় প্রথমে শিবাজী পার্কে বিক্ষোভের পরিকল্পনা করা হয়। সেখানে অনুমতি না পাওয়ার পর ‘জেল ভরো আন্দোলন’ কর্মসূচি ঘোষণা করে সিজেপি।
দলটির ঘোষণা অনুযায়ী, গান্ধী জয়ন্তীর দিন কর্মসূচিতে অংশ নিয়ে স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার মাধ্যমে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন তাদের নেতাকর্মী ও সমর্থকেরা।
সূত্র: এনডিটিভি
মন্তব্যসমূহ