ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়ে কিলিয়ান এমবাপের হাঁটুতে চোট পাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে রিয়াল মাদ্রিদে। একই সঙ্গে ফরাসি জাতীয় দলের মেডিকেল ব্যবস্থাপনা ও তাকে ম্যাচে খেলানোর সিদ্ধান্ত নিয়েও স্প্যানিশ ক্লাবটির মধ্যে অসন্তোষ রয়েছে বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লেকিপ।
প্রতিবেদন অনুযায়ী, জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার আগেই এমবাপের বাঁ হাঁটুতে সমস্যা ছিল। বিষয়টি ফ্রান্সের মেডিকেল স্টাফকে আগেই জানিয়েছিল রিয়াল মাদ্রিদ। তার শারীরিক অবস্থা বিবেচনায় বাড়তি সতর্কতা অবলম্বনের অনুরোধও করেছিল ক্লাবটি।
এরপরও তুরস্কের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে এমবাপেকে শুরুর একাদশে রাখেন ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান। ম্যাচে দলের একমাত্র গোলটি করেন এই রিয়াল তারকা। তবে গোল করার কিছুক্ষণ পরই হাঁটুতে অস্বস্তি অনুভব করেন তিনি।
প্রাথমিক চিকিৎসার পর আবারও খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন এমবাপে। কিন্তু ব্যথা বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। পরবর্তী পরীক্ষায় তার বাঁ হাঁটুতে হাইপারএক্সটেনশন ধরা পড়ে। তবে প্রাথমিক পরীক্ষায় লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার আশঙ্কা পাওয়া যায়নি।
চোটের পর দ্রুত মাদ্রিদে ফিরে যান ফরাসি ফরোয়ার্ড। সেখানে রিয়াল মাদ্রিদের মেডিকেল বিভাগের তত্ত্বাবধানে তার আরও পরীক্ষা-নিরীক্ষা করা হয়। চোট কতটা গুরুতর এবং এমবাপে কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন, সেটিই এখন ক্লাবটির প্রধান উদ্বেগ।
এমবাপের এই চোট নিয়ে আলোচনা আরও বেড়েছে জিদানের অধীনে ফ্রান্সের নতুন অধ্যায়ের শুরুতেই ঘটনাটি ঘটায়। রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিদানের অধীনে জাতীয় দলে খেলার সুযোগ নিয়ে আগে থেকেই উচ্ছ্বসিত ছিলেন এমবাপে। সেই অভিজ্ঞতাকে তিনি ‘সিনেমার মতো’ বলেও বর্ণনা করেছিলেন।
এখন এমবাপের পরবর্তী পরীক্ষার ফলের দিকে নজর রাখছে রিয়াল মাদ্রিদ। তার মাঠে ফেরার সম্ভাব্য সময়সীমা মেডিকেল রিপোর্টের ওপর নির্ভর করবে।
মন্তব্যসমূহ