মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী ও দেশটির বিশিষ্ট চিকিৎসক ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা গেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ১০০ বছর।
সিতি হাসমাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে তান শ্রী মোখজানি মাহাথির। মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামাকে তিনি এ তথ্য জানান।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি সিতি হাসমাহর মৃত্যু দেশ ও সমাজের জন্য বড় ক্ষতি হিসেবে উল্লেখ করেন। কুয়ালালামপুরে ইন্টারন্যাশনাল ফিউচার কনফারেন্স ২০২৬-এর উদ্বোধনী বক্তব্য দেওয়ার আগে তিনি এ শোক প্রকাশ করেন।
এ সময় সম্মেলনে উপস্থিত ব্যক্তিদের সিতি হাসমাহর জন্য সুরা ফাতিহা পাঠের আহ্বান জানান আনোয়ার ইব্রাহিম। পরে মালয়েশিয়া সরকার তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় দেওয়ার সিদ্ধান্ত নেয়।
চিকিৎসক হিসেবে দীর্ঘ কর্মজীবনের পাশাপাশি জনস্বাস্থ্য ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সিতি হাসমাহ। মাতৃ ও শিশুস্বাস্থ্য, টিকাদান, মাদক প্রতিরোধ, নারীর উন্নয়ন এবং প্রাপ্তবয়স্কদের সাক্ষরতা বৃদ্ধিসহ বিভিন্ন সামাজিক ও জনস্বাস্থ্য কার্যক্রমে তিনি সক্রিয় ছিলেন।
১৯৫৬ সালে মাহাথির মোহাম্মদকে বিয়ে করেন সিতি হাসমাহ। মাহাথিরের দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি মালয়েশিয়ার জনপরিসরে পরিচিত ব্যক্তিত্ব হয়ে ওঠেন। তাদের সাত সন্তান রয়েছে।
তার মৃত্যুতে মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমসহ দেশটির বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব শোক জানিয়েছেন।
মন্তব্যসমূহ