ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে একটি মা হাতি ও তার দুই শাবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে শালবনি থানার পিরাকাটা রেঞ্জের হাড়তাড়া মাঠ এলাকায় তিনটি হাতির মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে বন দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতি তিনটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, হাতির একটি দল গ্রামের পাশ দিয়ে চলাচল করছিল। ওই এলাকার কৃষিজমিতে সেচ দেওয়ার জন্য বিদ্যুৎচালিত একটি পাম্প বসানো ছিল। পাম্পটির বৈদ্যুতিক তার জমির ওপর দিয়ে নেওয়া হয়েছিল।
ধারণা করা হচ্ছে, ওই তারের সংস্পর্শে এসে প্রথমে মা হাতি এবং পরে তার দুই শাবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকতে পারে। তবে ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে এবং বৈদ্যুতিক তারের সঙ্গে হাতিগুলোর মৃত্যুর সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
জঙ্গলমহল এলাকায় এর আগেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে। ফসল বাঁচাতে কোনো কোনো কৃষকের বিরুদ্ধে জমির চারপাশে বিদ্যুতের তার ব্যবহারের অভিযোগও রয়েছে। অতীতে এমন তারের সংস্পর্শে হাতির মৃত্যুর ঘটনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।
তবে এবারের ঘটনায় ইচ্ছাকৃতভাবে বৈদ্যুতিক তার ব্যবহার করা হয়েছিল কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। জমির ওপর দিয়ে যাওয়া সেচপাম্পের বিদ্যুৎ সংযোগ দুর্ঘটনার কারণ হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখছেন বন দপ্তরের কর্মকর্তারা।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মা হাতি ও দুই শাবকের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে বন দপ্তর।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
মন্তব্যসমূহ