জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে জোরালো সমর্থন জানিয়েছে রাশিয়া। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ সমর্থনের কথা জানান।
ল্যাভরভ বলেন, নিরাপত্তা পরিষদে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব বাড়ানো প্রয়োজন। এ প্রেক্ষাপটে তিনি ভারতের পাশাপাশি ব্রাজিলের স্থায়ী সদস্যপদেরও সমর্থন করেন।
তবে নিরাপত্তা পরিষদে নতুন করে কোনো পশ্চিমা দেশকে স্থায়ী সদস্য করার বিরোধিতা করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে জার্মানি ও জাপানের সমালোচনা করে তিনি তাদের সামরিকতাবাদের পথে এগিয়ে যাওয়ার অভিযোগ তোলেন।
এদিকে মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী ধনঞ্জয় রামফুলও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, বৈশ্বিক বিভিন্ন বিষয়ে ভারতের গঠনমূলক ভূমিকার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশটির নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পাওয়া উচিত।
বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫। এর মধ্যে পাঁচটি দেশ—চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র—স্থায়ী সদস্য হিসেবে ভেটো ক্ষমতা ভোগ করে। বাকি ১০টি সদস্য দেশ অস্থায়ীভাবে নির্বাচিত হয়।
নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামোতে পরিবর্তন আনতে জাতিসংঘ সনদ সংশোধনের প্রয়োজন রয়েছে। তবে পরিষদের সম্প্রসারণ ও কাঠামোগত সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের মধ্যে মতপার্থক্য থাকায় প্রক্রিয়াটি অচলাবস্থায় রয়েছে।
মন্তব্যসমূহ