ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, একটি ভালো নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে স্থাপিত মনিটরিং সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সিইসি জানান, ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনের মতোই এ উপনির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণে মনিটরিং সেল কাজ করবে।
ঠাকুরগাঁও-১ আসনের বর্তমান নির্বাচনী পরিবেশ ভালো রয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রোববার (২৭ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৯ সেপ্টেম্বর।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং পরদিন ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
সব প্রক্রিয়া শেষে আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১-দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচন-পূর্ব অনিয়ম অনুসন্ধান ও নির্বাচনী অপরাধের বিচারের জন্য ইতোমধ্যে তিনটি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিও গঠন করেছে নির্বাচন কমিশন।
মন্তব্যসমূহ