রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও ভারী যন্ত্রপাতি দিয়ে স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।
শনিবার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন এ নিন্দা জানান।
বিবৃতিতে এনডিএফের নেতারা বলেন, দীর্ঘদিন ধরে মিরপুরের নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য মাতৃ ও শিশুসেবা, টিকাদান, পরিবার পরিকল্পনা এবং বিভিন্ন স্বাস্থ্যসেবা দিয়ে আসা একটি প্রতিষ্ঠানে রাতের আঁধারে হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক। কোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওপর এ ধরনের হামলা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকারকে সরাসরি ক্ষতিগ্রস্ত করে।
গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে তারা বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে বিপুলসংখ্যক ব্যক্তি রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানোর পর ভারী যন্ত্রপাতি দিয়ে স্থাপনা গুঁড়িয়ে দেয়। সরকারি টিকা, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, পরিবার পরিকল্পনার সামগ্রী ও গুরুত্বপূর্ণ নথিপত্র লুটের অভিযোগও রয়েছে।
এসব অভিযোগের দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরার দাবি জানিয়েছে এনডিএফ। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক কিংবা প্রভাবশালী পরিচয় যেন তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে, সরকারকে তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
বিবৃতিতে ন্যাশনাল ডক্টরস ফোরাম আরও বলে, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক দখলদারিত্ব, পেশিশক্তি বা মব-তৎপরতার ক্ষেত্র হতে পারে না। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদার এবং এ ধরনের দখলদারিত্ব ও মব-তৎপরতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে সংগঠনটি।
মন্তব্যসমূহ