সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগপত্র পাওয়া নিয়ে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচারিত অসত্য তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ অক্টোবরের মধ্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ কোনো প্রার্থী নিয়োগপত্র না পেলে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। পরবর্তী সময়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে পর্যায়ক্রমে সংশ্লিষ্ট প্রার্থীদের নিয়োগপত্র দ্রুত পাঠানো হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে পুলিশি ভেরিফিকেশন বা ভেটিং সম্পন্ন করা একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবেই এ যাচাই-বাছাই করা হয়।
এ কারণে নিয়োগপত্র প্রাপ্তি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে ছড়িয়ে পড়া অসত্য ও বিভ্রান্তিকর প্রচারণায় কান না দিতে প্রার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে যোগ্য প্রার্থীদের নিয়োগপত্র পর্যায়ক্রমে পাঠানো হবে।
মন্তব্যসমূহ