বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষায় প্রযুক্তির ব্যবহার এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করার বিষয়ে ইউনিসেফের সঙ্গে আলোচনা করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরের ইউনাইটেড নেশনস প্লাজায় ইউনিসেফের বৈশ্বিক শিক্ষা পরিচালক পিয়া রেবেলো ব্রিট্টোর সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষাপ্রযুক্তি বা এডটেকের ব্যবহার, গুগলসহ আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ, শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি এবং প্রতিবন্ধী শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
ববি হাজ্জাজ বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের শেখার সুযোগ আরও বিস্তৃত করা সম্ভব। ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা উপকরণের কার্যকর ব্যবহার শিক্ষার্থীদের ভাষাগত ও মৌলিক দক্ষতা বিকাশে সহায়ক হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতে গুগলসহ আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের শেখার ফলাফল উন্নত করার পাশাপাশি শিক্ষক ও শিক্ষা প্রশাসনের সক্ষমতা বৃদ্ধির বিষয়েও মতবিনিময় করেন তারা।
এ ছাড়া প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা আরও সহজপ্রাপ্য ও অন্তর্ভুক্তিমূলক করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। শারীরিক বা অন্য কোনো প্রতিবন্ধকতার কারণে কোনো শিশু যাতে মানসম্মত প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উঠে আসে।
ইউনিসেফের পক্ষ থেকে বাংলাদেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এডটেক ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি গুগলসহ আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষা খাতের সংযোগ বাড়ানোর বিষয়েও সহযোগিতার কথা জানানো হয়।
পিয়া রেবেলো ব্রিট্টো বাংলাদেশের উদ্যোগগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও আন্তর্জাতিক অংশীদারিত্ব তৈরিতে সহযোগিতার আশ্বাস দেন। প্রতিটি শিশুর জন্য মানসম্মত, সমতাভিত্তিক ও ভবিষ্যতমুখী শিক্ষা নিশ্চিত করতে ইউনিসেফ বাংলাদেশের পাশে থাকবে বলেও তিনি জানান।
পরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ইউএন প্লাজার ইউনিসেফ হাউজে আয়োজিত ‘স্কিলস ফর ব্রাইটার ফিউচারস: ইনভেস্টিং ইন হিউম্যান ক্যাপিটাল ফর ইউথ অন দ্য মুভ’ শীর্ষক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশ নেন ববি হাজ্জাজ।
ওই বৈঠকে তরুণদের ভবিষ্যতের কর্মবাজারের উপযোগী করে গড়ে তুলতে দক্ষতা উন্নয়ন, শিক্ষা ও প্রশিক্ষণে বিনিয়োগ, মানবসম্পদের সক্ষমতা বৃদ্ধি এবং তরুণদের জন্য নতুন সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
ববি হাজ্জাজ বলেন, তরুণদের দক্ষতা উন্নয়ন দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক সক্ষমতার অন্যতম ভিত্তি। প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের জ্ঞান ও ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়।
মন্তব্যসমূহ