কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ হিসেবে চিহ্নিত করে একটি মানচিত্র প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৬ সেপ্টেম্বর) তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ছবিটি প্রকাশ করা হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও ছবিটিতে হরমুজ প্রণালির জায়গায় ‘Trump Strait’ লেখা থাকার কথা জানিয়েছে।
ইরান হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সাত দিনের একটি পরিকল্পনা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প ওই ছবি প্রকাশ করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছিলেন, প্রয়োজনীয় শর্ত পূরণ হলে চুক্তির পর সাত দিনের মধ্যে জলপথটিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালু করা সম্ভব।
ইরানের প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রকে ইরানি বন্দরগুলোর ওপর নৌ অবরোধ তুলে নেওয়া, ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা শিথিল করা এবং আঞ্চলিক যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার মতো পদক্ষেপ নিতে হবে। এর বিনিময়ে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কথা জানিয়েছে তেহরান।
তবে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ইরানের সাত দিনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, ইরান মার্কিন শর্ত পূরণ করবে কি না, তা নিয়ে ট্রাম্পের সংশয় রয়েছে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। চলমান সংঘাতের কারণে এই জলপথ দিয়ে নৌ চলাচল নিয়ে আন্তর্জাতিকভাবে উদ্বেগ তৈরি হয়েছে এবং এর প্রভাব বৈশ্বিক জ্বালানি সরবরাহেও পড়ছে।
সূত্র : আল জাজিরা
মন্তব্যসমূহ