ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে জেলেনস্কি সাংবাদিকদের জানান, দুই দেশের মধ্যে এ বিষয়ে সুনির্দিষ্ট সমঝোতা হয়েছে। ট্রাম্প তাকে জানিয়েছেন, ইউক্রেন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স পাবে।
ইউক্রেন দীর্ঘদিন ধরে দেশটির মাটিতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের অনুমতি চেয়ে আসছিল। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় ইউক্রেনের জন্য এই প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ বলে কিয়েভের পক্ষ থেকে দাবি করা হয়েছে। একই সময়ে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের সরবরাহ ঘাটতিও ইউক্রেনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
তবে জেলেনস্কির ঘোষণায় লাইসেন্সের আওতায় ঠিক কোন ধরনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদন করা হবে কিংবা উৎপাদন কবে শুরু হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। উৎপাদন সক্ষমতা গড়ে তুলতেও সময় প্রয়োজন হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে জুলাইয়ে ট্রাম্প ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার সম্ভাবনার কথা বলেছিলেন। পরে তিনি এ ধরনের প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথা জানান। ফলে সর্বশেষ ঘোষণাকে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
এদিকে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেন আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়ে আসছে। বিশেষ করে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় প্যাট্রিয়ট ব্যবস্থার জন্য অতিরিক্ত ইন্টারসেপ্টর সংগ্রহের পাশাপাশি নিজ দেশে উৎপাদনের উদ্যোগও নিয়েছে কিয়েভ।
মন্তব্যসমূহ