বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্যপদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন সংগঠনটির বরিশাল মহানগরের সাবেক নেতা ডা. সাব্বির এলাহি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি নিজের পদত্যাগের বিষয়টি প্রকাশ করেন।
ডা. সাব্বির এলাহি বরিশাল অঞ্চলের সদস্য ছিলেন। ২০২৩-২৪ সেশনে তিনি সংগঠনের পরামর্শ সভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০২৪-২৫ সেশনে বরিশাল মহানগর ছাত্রশিবিরের বিজ্ঞান, পরিকল্পনা, ছাত্রকল্যাণ ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। এর আগে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বও পালন করেছেন।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতির কাছে পাঠানো পদত্যাগপত্রে ডা. সাব্বির এলাহি উল্লেখ করেন, ব্যক্তিগত ও সাংগঠনিক বিভিন্ন সমস্যার কারণে দায়িত্ব পালনে ভারসাম্য বজায় রাখা তার জন্য কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে তিনি স্বেচ্ছায় সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, কিছু ব্যক্তিগত ও সাংগঠনিক কারণে সংগঠনের সঙ্গে নিজেকে আর মানিয়ে নেওয়া সম্ভব হচ্ছিল না। সেই কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
মন্তব্যসমূহ