রাজধানীর কাঁটাবনের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই যুবকের মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ অবস্থায় উদ্ধার করে তাদের পৃথক দুটি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে এলিফ্যান্ট রোডের কাঁটাবন এলাকার আল বারাকা টাওয়ারে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর রাত ৩টা ৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
নিহতরা হলেন মো. জনি (২৪) এবং আবদুস সালাম (২০)। আগুন লাগার সময় তারা ভবনের ১০ম ও ১১তম তলায় অবস্থান করছিলেন। আগুনের সঙ্গে ছড়িয়ে পড়া ঘন ধোঁয়ায় তারা গুরুতর দগ্ধ হন।
উদ্ধারের পর আবদুস সালামকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় দুই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, আবদুস সালামের বাড়ি বগুড়ার কাহালু উপজেলায়। তিনি আল বারাকা টাওয়ারের একটি কার্যালয়ে কর্মরত ছিলেন। অপরদিকে জনির বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়। তিনিও একই ভবনের একটি অফিসে দায়িত্ব পালন করতেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
এদিকে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্যসমূহ