২০২৭ সালের হজের প্রাক্-নিবন্ধন ও নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (২৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে। দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে নির্দেশনাটি পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের হজ নিবন্ধনের অর্থ গ্রহণ সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ২৫ ও ২৬ সেপ্টেম্বর হজের অর্থ গ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। ফলে সাপ্তাহিক ছুটির দিনেও হজযাত্রীরা প্রাক্-নিবন্ধন ও নিবন্ধনের প্রয়োজনীয় অর্থ জমা দিতে পারবেন।
এ ছাড়া নির্ধারিত ব্যাংকিং লেনদেনের সময় শেষ হওয়ার পরও হজ নিবন্ধনের অর্থ জমা দিতে আসা গ্রাহক ব্যাংকে উপস্থিত থাকলে তাদের কাছ থেকে অর্থ গ্রহণ করতে হবে।
এ ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে উপস্থিত সব হজ গ্রাহকের অর্থ জমা নেওয়ার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক শাখাকে প্রয়োজনীয় সেবা চালু রাখতে বলা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে হজের প্রাক্-নিবন্ধন ও নিবন্ধনের অর্থ জমা দিতে ইচ্ছুক ব্যক্তিরা সাপ্তাহিক ছুটির দুই দিনও ব্যাংকিং সুবিধা পাবেন।