বিশেষ চাহিদাসম্পন্ন কিংবা সাধারণ, কোনো শিশুকেই শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত রাখা হবে না বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, সব বয়স ও শ্রেণির মানুষকে সামাজিক সুরক্ষার আওতায় এনে একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে লিডো বাংলাদেশ আয়োজিত ‘ইয়াং জার্নালিস্ট চেঞ্জমেকার্স: ভয়েস ফর ভালনারেবল চিলড্রেন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, শিশুদের মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া পরিবার থেকেই শুরু হওয়া প্রয়োজন। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মূল্যবোধের চর্চার ওপর গুরুত্ব দেন তিনি।
অভিভাবকহীন ও সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে ডা. জাহিদ হোসেন বলেন, ছোটমণি নিবাস ও শিশু নিবাসের মাধ্যমে তাদের আশ্রয় ও শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে কর্মজীবনে প্রবেশের উপযোগী করে তুলতে বিভিন্ন ধরনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
জনকল্যাণমূলক ও সামাজিক উদ্যোগে সরকারের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের কার্যক্রমকে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা দেওয়া সরকারের দায়িত্ব। সরকার ও জনগণ পরস্পরের সহযোগী হিসেবে কাজ করলে সামাজিক সমস্যা মোকাবিলা আরও সহজ হবে।
দেশের বিদ্যমান সম্পদ ও সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়ে মন্ত্রী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অনুরোধ জানান।
অনুষ্ঠানের মুক্ত প্রশ্নোত্তর পর্বে সুবিধাবঞ্চিত ও অভিভাবকহীন শিশুরা সরাসরি মন্ত্রীর কাছে নিজেদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরে। বিশেষ করে জন্মনিবন্ধন সনদ সংগ্রহ এবং নাগরিক সেবা গ্রহণের ক্ষেত্রে অভিভাবকহীন শিশুদের যেসব প্রশাসনিক জটিলতার মুখোমুখি হতে হয়, তা আলোচনায় উঠে আসে।
শিশুদের বক্তব্য শোনার পর এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ও কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন সমাজকল্যাণমন্ত্রী।
অনুষ্ঠানে জানানো হয়, ২০০০ সালে প্রতিষ্ঠিত লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (লিডো) একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা। পথশিশু, নির্যাতনের শিকার শিশু ও সুবিধাবঞ্চিত নারীদের নিরাপদ আশ্রয় ও জরুরি সহায়তা দেওয়ার পাশাপাশি শিশুদের শিক্ষা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সংস্থাটি কাজ করছে।
অনুষ্ঠানে সমাজকল্যাণ পরিষদ, এসওএস চিলড্রেনস ভিলেজ, সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ইসলামিক রিলিফ বাংলাদেশসহ বিভিন্ন সংস্থা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে সুবিধাবঞ্চিত শিশুরাও অংশ নেয়।