জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন ও তার স্ত্রী চৌধুরী রুবিনা ইয়াছমিন লুবনার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুদকের এক প্রেস ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
দুদকের তথ্য অনুযায়ী, নুর উদ্দিন চৌধুরী নয়নের বিরুদ্ধে ৭৯ লাখ ৯৯ হাজার ৬৪২ টাকার সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে, যা তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে কমিশনের অনুসন্ধানে উঠে এসেছে।
এ অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে নয়নের স্ত্রী চৌধুরী রুবিনা ইয়াছমিন লুবনার বিরুদ্ধে ১ কোটি ৮২ লাখ ৫১ হাজার ৫৮৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনেছে দুদক।
এ ঘটনায় লুবনার পাশাপাশি তার স্বামী নুর উদ্দিন চৌধুরী নয়নকেও সহায়তাকারী হিসেবে আসামি করার সিদ্ধান্ত হয়েছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১০৯ ধারাসহ দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় পৃথক মামলা করা হবে।
দুদকের অনুমোদনের পর সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করে মামলা দুটি দায়ের করা হবে।