জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কের উদ্বোধনী দিনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে এ আয়োজনে অংশ নেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে গত ৮ সেপ্টেম্বর শুরু হয়। আর বিশ্বনেতাদের অংশগ্রহণে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হয়েছে ২২ সেপ্টেম্বর। এবারের সাধারণ বিতর্ক চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এবং শেষ দিনের অধিবেশন হবে ২৮ সেপ্টেম্বর।
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তারেক রহমানের এটিই প্রথম অংশগ্রহণ। এর আগে ২১ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে পৌঁছান।
দিনের শুরুতে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত বিশ্বনেতা ও তাদের জীবনসঙ্গীদের সম্মানে দেওয়া স্বাগত প্রাতরাশে অংশ নেন।
সফরসূচি অনুযায়ী, জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে আগামী ২৪ সেপ্টেম্বর বাংলাদেশের পক্ষে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘের এই মঞ্চে এটিই হবে তার প্রথম ভাষণ।
জাতিসংঘের অধিবেশনের পাশাপাশি নিউইয়র্ক সফরে বিভিন্ন দেশের সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপক্ষীয় ও সৌজন্য বৈঠকের কর্মসূচি রয়েছে।