৮ সেপ্টেম্বর ইউএনজিএ সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী ৮ সেপ্টেম্বর নিউইয়র্কে অধিবেশন শুরুর দিন তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করবেন।এর মধ্য দিয়ে প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে আবারও বসতে যাচ্ছেন একজন বাংলাদেশি।জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হবে মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর। আর রাষ্ট্র ও সরকারপ্রধানদের অংশগ্রহণে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে ২২ সেপ্টেম্বর।এবারের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানেরও অংশ নেওয়ার কথা রয়েছে। প্রস্তুতি অনুযায়ী, তিনি সাধারণ পরিষদে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তার প্রথম ভাষণ হতে যাচ্ছে।[BANGVIEWS-POST:5148]গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত গোপন ব্যালটের নির্বাচনে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান।নির্বাচনে তিনি ৯৯ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিস পান ৯১ ভোট। মোট ১৯০টি ভোট পড়ে। ফলে আট ভোটের ব্যবধানে জয় পান বাংলাদেশের প্রার্থী।জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদটি পাঁচটি আঞ্চলিক গোষ্ঠীর মধ্যে পর্যায়ক্রমে বণ্টিত হয়। ৮১তম অধিবেশনে সভাপতির পদটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য নির্ধারিত ছিল।[BANGVIEWS-POST:5147]ড. খলিলুর রহমানের সভাপতিত্বের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘Restoring trust, managing transformation: a United Nations that delivers for all’। বিশ্বজুড়ে জাতিসংঘের প্রতি আস্থা পুনর্গঠন এবং পরিবর্তিত পরিস্থিতিতে সংস্থাটিকে আরও কার্যকর করার বিষয়টিকে তিনি অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন।এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তিনি একই বছর সাধারণ পরিষদের ১৪তম বিশেষ অধিবেশনেও সভাপতিত্ব করেন।দীর্ঘ ৪০ বছর পর আবারও বাংলাদেশের একজন প্রতিনিধি জাতিসংঘের ১৯৩ সদস্যের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন। ড. খলিলুর রহমান এক বছর এ দায়িত্বে থাকবেন।