পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে পুলিশি সহযোগিতা আরও সম্প্রসারণ, সাইবার নিরাপত্তা, প্রশিক্ষণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
পুলিশ সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রুশ নাগরিকদের নিরাপত্তায় বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে আইজিপিকে ধন্যবাদ জানান তিনি।
বাংলাদেশ পুলিশের প্রাতিষ্ঠানিক ও পেশাগত সক্ষমতা বাড়াতে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার আগ্রহের কথাও জানান রাশিয়ার রাষ্ট্রদূত।
আইজিপি মো. আলী হোসেন ফকির এ আগ্রহকে স্বাগত জানিয়ে দুই দেশের উচ্চপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মধ্যে নিয়মিত সংলাপ চালু রাখা, অভিজ্ঞতা ও তথ্য বিনিময় এবং পারস্পরিক উত্তম চর্চা ভাগাভাগির ওপর গুরুত্ব দেন।
এ ছাড়া সাইবার নিরাপত্তায় দক্ষতা বৃদ্ধি, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সক্ষমতা উন্নয়ন এবং নিরাপত্তাসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে পুলিশ কর্মকর্তাদের উচ্চশিক্ষা ও বিশেষায়িত প্রশিক্ষণের সুযোগ তৈরিতে রাশিয়ার সহযোগিতা কামনা করেন আইজিপি।
সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।