তারেক রহমানকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র বিএনপির সর্বাত্মক প্রস্তুতি
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। তাঁর সফরকে কেন্দ্র করে জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনার ব্যাপক প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের আড্ডা রেস্টুরেন্টে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সফরের প্রস্তুতি ও তাৎপর্য তুলে ধরেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এ সফর বাংলাদেশের জন্য গৌরবের। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে তাঁর ভাষণ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হবে বলেও মন্তব্য করেন তিনি।বিএনপি নেতারা বলেন, তারেক রহমানের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য দিয়েছেন। এবার তারেক রহমান বিশ্বমঞ্চে ভাষণ দেবেন। বাবা, মা ও সন্তানের রাষ্ট্র বা সরকারপ্রধান হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার ঘটনাকে তারা বিরল নজির হিসেবে উল্লেখ করেন।নেতারা আরও বলেন, এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। দীর্ঘ ৪০ বছর পর একজন বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করছেন। ১৯৩ সদস্য রাষ্ট্রের এ বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে আশা প্রকাশ করেন তারা।সংবাদ সম্মেলনে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। নেতারা দেশের পুনর্গঠন প্রক্রিয়ায় প্রবাসীদের সমর্থনের কথাও তুলে ধরেন।এ সময় প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনার কথাও জানানো হয়। বিএনপি নেতাদের ভাষ্য, চলতি বছরের মধ্যে প্রবাসীদের জন্য নানামুখী সুযোগ-সুবিধাসংবলিত এ কার্ড চালু করা হতে পারে। এর মাধ্যমে প্রবাসীদের বিনিয়োগ, মেধা ও দক্ষতাকে দেশের উন্নয়নে আরও কার্যকরভাবে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রবাসী নেতা-কর্মীদের আইন মেনে, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সম্ভাব্য উসকানি এড়িয়ে সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে অভ্যর্থনা কর্মসূচি সফল করার আহ্বান জানান বিএনপি নেতারা।সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক নাহিদুল খান সাহেল, কেন্দ্রীয় সদস্য আবদুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, মিজানুর রহমান মিল্টন ভূঁইয়াসহ যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।