সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে বলে ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ভোর ৩টার কিছু আগে রিয়াদের বাসিন্দাদের মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়। এতে আকাশপথে সম্ভাব্য ‘শত্রুভাবাপন্ন হুমকি’র কথা জানিয়ে নাগরিকদের ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়।
সতর্কবার্তা পাওয়ার পরপরই এএফপির সাংবাদিকরা দুটি জোরালো বিস্ফোরণের শব্দ শুনতে পান। তবে বিস্ফোরণের কারণে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো স্থাপনায় আঘাত লেগেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সৌদি কর্তৃপক্ষের সতর্কতার প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানানো হয়। দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষও নাগরিকদের জানায়, বিমান হামলার আশঙ্কা কেটে যাওয়ায় বিশেষ সতর্কতা প্রত্যাহার করা হয়েছে।
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরব দীর্ঘদিন ধরেই নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। তবে ডনের প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাইয়ে প্রতিবেশী ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ার পর এই প্রথম সৌদি রাজধানী রিয়াদে সরাসরি এমন পরিস্থিতির সৃষ্টি হলো।
সূত্র : ডন