কুমিল্লায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের বিরুদ্ধে দায়ের হওয়া সাইবার আইনের মামলাকে কেন্দ্র করে বিব্রত হওয়ার কথা জানিয়েছেন সদর আসনের বিএনপি দলীয় এমপি বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।
নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, মামলাটি সম্পর্কে তিনি আগে থেকে অবগত ছিলেন না এবং কে বা কারা এটি দায়ের করেছে তাও তার জানা ছিল না। বিষয়টি জানার পর তিনি নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বিষয়টি জানার পর তিনি বিব্রত হয়েছেন এবং মামলার বাদীর সঙ্গে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করা হয়েছে। পরে বাদী মামলা প্রত্যাহারে সম্মত হয়েছেন বলেও পোস্টে দাবি করা হয়।
মামলার বাদী জালাল আহমেদ খোকন তালুকদার জানান, নেতার নির্দেশেই তিনি আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করেছেন।
এদিকে স্থানীয় থানার ওসি জানিয়েছেন, মামলাটি প্রত্যাহারের বিষয়ে আদালতের নির্দেশনার অপেক্ষায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।