রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গে চলমান ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ-২০২৬’-এ দেশটির অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান এসবের স্ট্যান্ড পরিদর্শন করেছেন রুশ সরকারের উপপ্রধানমন্ত্রী দিমিত্রি চেরনিশেঙ্কো।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উৎসবস্থলে ৫০০ বর্গমিটার এলাকাজুড়ে তৈরি এসবের স্ট্যান্ডটি ঘুরে দেখেন তিনি। আয়োজকদের দাবি, এবারের উৎসবে এটিই সবচেয়ে বড় স্ট্যান্ড।
উৎসবকে কেন্দ্র করে বিশেষভাবে তৈরি ‘ডিসট্রিক্ট’ নামের এই স্ট্যান্ডে প্রযুক্তি ও উদ্ভাবনের বিভিন্ন ব্যবহার তুলে ধরা হয়েছে। এর অন্যতম আকর্ষণ কাইনেটিক ওয়াল। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, রাশিয়ায় এ ধরনের দেয়ালের আর কোনো নজির নেই। উপপ্রধানমন্ত্রীর পরিদর্শন উপলক্ষে দেয়ালটিতে বিশেষ শুভেচ্ছাবার্তাও প্রদর্শন করা হয়।
চারটি থিমভিত্তিক জোনে ভাগ করা হয়েছে ‘ডিসট্রিক্ট’। এগুলো হলো—‘এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার’, ‘এন্টারটেইনমেন্ট’, ‘হেলথ’ ও ‘ফিনটেক’। এসব জোনে দর্শনার্থীরা প্রযুক্তির বিভিন্ন ব্যবহার সম্পর্কে জানার পাশাপাশি সেগুলো নিজেরাও পরীক্ষা করে দেখার সুযোগ পাচ্ছেন।
‘এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার’ জোনে রয়েছে এসবের নিজস্ব লেকচার হল। সেখানে ‘স্কুল ২১’-এর বিভিন্ন পরীক্ষা দেওয়ার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের ব্যবহারিক প্রয়োগ দেখার সুযোগ রয়েছে।
এ ছাড়া ফক্সফোর্ড, অ্যালগরিদমিকা ও নেটোলজির মাধ্যমে ডিজিটাল দক্ষতা উন্নয়নের বিভিন্ন কার্যক্রম রাখা হয়েছে। এসবের নিয়োগকারীদের কাছ থেকে ক্যারিয়ার সম্পর্কিত পরামর্শও নিতে পারছেন উৎসবে অংশ নেওয়া তরুণেরা।
এই জোনের উল্লেখযোগ্য আকর্ষণ ‘ভাইব কোডিং’। এআইয়ের সহায়তায় ডিজিটাল পণ্য তৈরি এবং ক্যারিয়ার পোর্টফোলিও তৈরির বিভিন্ন পদ্ধতি এখানে তুলে ধরা হচ্ছে।
‘এন্টারটেইনমেন্ট’ জোনে এআই ব্যবহার করে অডিও ও ভিজ্যুয়াল কনটেন্ট তৈরির প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। তরুণদের জন্য এসব প্রযুক্তি সরাসরি ব্যবহারের সুযোগও রাখা হয়েছে।
অন্যদিকে, ‘হেলথ’ জোনে রয়েছে ‘গিগাডক’ স্মার্ট মিরর। শরীরচর্চার ফলাফল বিশ্লেষণসহ স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন কাজে এআইভিত্তিক টুল ব্যবহারের সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা।
‘ফিনটেক’ জোনে তুলে ধরা হয়েছে এসবের আধুনিক আর্থিক সেবাগুলো। সেখানে ‘পে বাই স্মাইল’ সুবিধা ব্যবহারের পাশাপাশি বিশেষ নকশার সীমিত সংস্করণের কার্ড অর্ডার করা যাচ্ছে।
এ ছাড়া স্ট্যান্ডটিতে এমন একটি এটিএম রাখা হয়েছে, যেখানে দ্রুত স্বাস্থ্য পরীক্ষা এবং ‘গিগাচ্যাট’ এআই সহকারী ব্যবহারের সুবিধা রয়েছে।
পরিদর্শনকালে রুশ উপপ্রধানমন্ত্রী দিমিত্রি চেরনিশেঙ্কো বলেন, বিশ্ববাসীর সামনে রাশিয়ার সক্ষমতা তুলে ধরার কার্যকর উপায় নিয়ে গত কয়েক মাস ধরে অংশীদারদের সঙ্গে আলোচনা করা হয়েছে।
তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২৬ সালকে রাশিয়ার জাতিসমূহের ঐক্যবর্ষ হিসেবে ঘোষণা করেছেন। বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ অভিন্ন কল্যাণ ও লক্ষ্য সামনে রেখে একত্রিত হচ্ছে। আন্তর্জাতিক যুব উৎসবেও তরুণদের মধ্যে এসব মূল্যবোধ দেখা যাচ্ছে।
তার মতে, এমন আয়োজন বিজ্ঞান, সংস্কৃতি, সৃজনশীলতা ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে তরুণদের এগিয়ে যাওয়ার নতুন সুযোগ তৈরি করছে।
রাশিয়ার জাতীয় প্রকল্প ‘ইয়ুথ অ্যান্ড চিলড্রেন’-এর আওতায় ১১ থেকে ১৭ সেপ্টেম্বর ইয়েকাতেরিনবুর্গে অনুষ্ঠিত হচ্ছে ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ-২০২৬’। ‘ফলো ইয়োর ড্রিম’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ উৎসবে ১৯১ দেশের ১০ হাজার তরুণ নেতা অংশ নিয়েছেন।
অংশগ্রহণকারীদের মধ্যে রাশিয়ার ৫ হাজার এবং অন্যান্য দেশের ৫ হাজার তরুণ রয়েছেন। সৃজনশীল শিল্প ও সংস্কৃতি, জনপ্রশাসন, বিজ্ঞান ও শিক্ষা, ক্রীড়া, উদ্যোক্তা, গণমাধ্যম, ডিজিটালাইজেশন ও তথ্যপ্রযুক্তি এবং নাগরিক কর্মকাণ্ডে যুক্ত তরুণেরা এতে অংশ নিচ্ছেন।
২০২৪ সালের বিশ্ব যুব উৎসবের ধারাবাহিকতায় এবার ১৪ থেকে ১৭ বছর বয়সী এক হাজার কিশোর-কিশোরীকেও উৎসবে যুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রাশিয়ার ৫০০ এবং অন্যান্য দেশের ৫০০ কিশোর-কিশোরী রয়েছেন। ‘দ্য মুভমেন্ট অব দ্য ফার্স্ট’ শিশু কর্মসূচির আওতায় তাদের জন্য বিভিন্ন আয়োজন করা হয়েছে।
এর আগে ২০২৪ সালের ১ থেকে ৭ মার্চ রাশিয়ার সিরিয়াসে অনুষ্ঠিত বিশ্ব যুব উৎসবে ১৯০ দেশের ২০ হাজার তরুণ নেতা অংশ নিয়েছিলেন। ওই আয়োজনের পর রুশ প্রেসিডেন্টের নির্দেশনায় আন্তর্জাতিক যুব সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিবছর রাশিয়ার বিভিন্ন অঞ্চলে যুব উৎসব আয়োজন করা হচ্ছে।
উৎসবের শেষ দিন ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দর্শনার্থীদের জন্য এসবের ‘ডিসট্রিক্ট’ স্ট্যান্ডটি খোলা থাকবে।