চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। এ সময় প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, গভীর সমবেদনা জানান এবং তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হওয়া সেনাসদস্যদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সরকার ও সেনাবাহিনী সবসময় তাদের পরিবারের পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ সেনাসদস্যদের স্থায়ী ঠিকানায় পরিবারের জন্য বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তাদের স্ত্রীদের চাকরির ব্যবস্থা এবং সন্তানদের মাসিক ভাতা দেওয়ার কথাও জানানো হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় সৈনিক আবু বকর সিদ্দিক ও সৈনিক মো. তাসনিম রিফায়াত নিহত হন। ওই ঘটনায় এক সেনা কর্মকর্তাও গুরুতর আহত হন।