ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

দেশে রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট চিকিৎসক জুবাইদা রহমান। তিনি জানান, নিয়োগের আওতায় থাকা স্বাস্থ্যকর্মীদের ৮০ শতাংশই নারী।শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইদেশি) এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান বলেন, দীর্ঘদিনের অবহেলার কারণে দেশের স্বাস্থ্যব্যবস্থায় রোগ প্রতিরোধমূলক কার্যক্রম যথাযথ গুরুত্ব পায়নি। এর ফলে এখনো বহু মানুষ এমন রোগে আক্রান্ত হচ্ছেন, যেগুলো আগাম সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থার মাধ্যমে এড়ানো সম্ভব।এ প্রসঙ্গে তিনি বলেন, ‘স্বাস্থ্যখাতে দীর্ঘ বছরের অবহেলার কারণে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো সেভাবে উৎসাহিত করা হয়নি। ফলে বর্তমানে বাংলাদেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে ভুগছেন, যা সহজেই প্রতিরোধযোগ্য। এই পরিস্থিতি বদলাতে বর্তমান সরকার রোগ প্রতিরোধের ওপর বিশেষ জোর দিয়েছে।’স্বাস্থ্যসেবায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়টি তুলে ধরে জুবাইদা রহমান বলেন, ‘এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যাদের ৮০ শতাংশই নারী। তারা এই রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। রোগ প্রতিরোধের এই জ্ঞান দোরগোড়ায় পৌঁছে দিতে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং আস্থার প্রয়োজন। গত ১২ বছর ধরে আইদেশি ঠিক এই কাজটিই করে যাচ্ছে।’তাঁর বক্তব্য অনুযায়ী, নতুন নিয়োগপ্রক্রিয়ায় এক লাখ স্বাস্থ্যকর্মীর মধ্যে ৮০ হাজার নারী থাকার কথা রয়েছে। এসব স্বাস্থ্যকর্মীর মাধ্যমে তৃণমূল পর্যায়ে রোগ প্রতিরোধসংক্রান্ত জ্ঞান ও সচেতনতা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।অনুষ্ঠানে স্বাস্থ্যবিষয়ক গবেষণায় তরুণ বিজ্ঞানীদের অবদানের কথাও তুলে ধরেন জুবাইদা রহমান। গবেষণার ফল পেতে দীর্ঘ সময় লাগলেও মানুষের জীবনমান উন্নয়নে এই কাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।তরুণ বিজ্ঞানীদের উদ্দেশে তিনি বলেন, ‘কাজের ধীরগতির কারণে তারা হয়তো কিছুটা হতাশ হতে পারেন। কিন্তু তাদের এটি ভেবে গর্বিত হওয়া উচিত যে, তাদের এই কাজ অসংখ্য মানুষকে একটি সুস্থ জীবনযাপন করতে সাহায্য করছে।’এ সময় আইদেশির প্রতিষ্ঠাতা ও প্রধান ফেরদৌসী কাদরীর নেতৃত্ব এবং প্রতিষ্ঠানটির গবেষণা কার্যক্রমের প্রশংসা করেন জুবাইদা রহমান। পাশাপাশি প্রতিষ্ঠানের বিজ্ঞানী ও কর্মীদের আন্তরিক অভিনন্দন জানান তিনি।প্রতিষ্ঠার ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রোগ প্রতিরোধ, স্বাস্থ্যবিষয়ক গবেষণা এবং সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান